বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো দুজন হলেন- সাহেদুল ইসলাম (৩৭) ও রিশাদ তায়ানী (২৫)।

আদালত সূত্র জানায়, গতকাল বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পরে তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। পরবর্তীতে বিমানযোগে তাদের বাংলাদেশে পাঠানো হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে সিটিটিসি সদস্যরা তাদের হেফাজতে নেন।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও তিনটি পাসপোর্ট জব্দ করা হয়। পরে বিমানবন্দর থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিঙ্গাপুরে বিভিন্ন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

পুলিশের দাবি, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়ার পর তারা সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ কারণে সিঙ্গাপুর পুলিশ তাদের আটক করে এবং পরে দেশে ফেরত পাঠায়। দেশে পৌঁছানোর পর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়।

তদন্ত কর্মকর্তার ভাষ্য, আসামিদের সঙ্গে বাংলাদেশের কোনো নিষিদ্ধঘোষিত সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, তারা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে কোনো উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করেছেন কি না, তাদের অর্থায়নের উৎস এবং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে কোনো সংযোগ রয়েছে কি না— এসব বিষয়ে বিস্তারিত জানতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এমএম