বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধিদল শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা এ সাক্ষাতে অংশ নেন।
গ্যাস সংকটে অর্ধেকেরও কম সক্ষমতায় উৎপাদন
বিজিএমইএর দাবি, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দেশের অধিকাংশ পোশাক কারখানা তাদের উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করতে পারছে। এতে সময়মতো রফতানি আদেশ সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছ থেকে নতুন অর্ডার হারানোর ঝুঁকিও বাড়ছে।
সংগঠনটির হিসাবে, জ্বালানির মূল্য বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদহার এবং মজুরি সমন্বয়ের কারণে গত তিন বছরে পোশাক উৎপাদনের ব্যয় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। অন্যদিকে রফতানি আদেশ কমে যাওয়ায় অনেক কারখানা লোকসান সামাল দিতে না পেরে বন্ধ হয়ে গেছে।
কমেছে পোশাক রফতানি
বিজিএমইএ জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসেও রফতানি কমেছে ১ দশমিক ৯২ শতাংশ।
একই সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় নতুন বিনিয়োগেও স্থবিরতা দেখা দিয়েছে। উদ্যোক্তাদের মতে, উৎপাদন ব্যয় বাড়লেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার কারণে বাড়তি ব্যয়ের পুরোটা পণ্যের দামে যুক্ত করা যাচ্ছে না। ফলে কমছে কারখানার মুনাফা।
দ্রুত দুটি এফএসআরইউ চায় বিজিএমইএ
গ্যাস সংকট মোকাবিলায় দ্রুত আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের সুপারিশ করেছে বিজিএমইএ। সংগঠনটির মতে, নতুন টার্মিনাল চালু হলে আমদানি করা এলএনজি থেকে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব হবে।
এ ছাড়া দীর্ঘমেয়াদে জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং এলএনজি আমদানির পর্যায়ে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানাগুলোর গ্যাস সরবরাহ বাড়ানোরও দাবি জানিয়েছে বিজিএমইএ। ১৫০ থেকে ৫০০ কেজি বয়লার রয়েছে—এমন কারখানাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত গ্যাস সংযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বিনিয়োগ ও অর্থায়নে বিশেষ সুবিধার দাবি
সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের উৎসাহিত করতে দীর্ঘমেয়াদি কম সুদের বিশেষ ঋণ সুবিধার দাবি জানিয়েছে বিজিএমইএ। পাশাপাশি চলতি মূলধন ও বাণিজ্যঋণের সুদের হার কমানো এবং পোশাক খাতের জন্য বিশেষ পোস্ট-শিপমেন্ট অর্থায়ন সুবিধা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড ও প্রযুক্তি উন্নয়ন তহবিলে বরাদ্দ বাড়ানোরও সুপারিশ করেছে সংগঠনটি।
রফতানি অবকাঠামো উন্নয়নের তাগিদ
পোশাক রফতানির পরিবহন ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিজিএমইএ।
এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বড় কার্গো শেড নির্মাণ এবং বে টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়েছে।
এলডিসি উত্তরণের পর বাজার সুবিধা ধরে রাখার উদ্যোগ
এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের পোশাক রফতানিতে শুল্কমুক্ত বাজার সুবিধা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বিজিএমইএ।
একই সঙ্গে প্রধান বাণিজ্য অংশীদার দেশ ও অঞ্চলের সঙ্গে মুক্ত বাণিজ্য, অগ্রাধিকারমূলক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির উদ্যোগ দ্রুত নেওয়ার সুপারিশ করেছে সংগঠনটি।
বন্ধ কারখানা চালুর জন্য বিশেষ অর্থায়ন
বিজিএমইএ জানিয়েছে, শিল্পের সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে এলডিসি উত্তরণ বিলম্বিত করা, নিষ্ক্রিয় ও বন্ধ পোশাক কারখানা পুনরায় চালুর জন্য ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন সুবিধা এবং নন-বন্ডেড কারখানার জন্য বন্ডেড কাঁচামাল সংগ্রহ ও সরাসরি রফতানির সুযোগ সহজ করার বিষয়গুলো রয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজিএমইএ নেতাদের বক্তব্য শোনেন। তিনি তৈরি পোশাকশিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান খাত হিসেবে উল্লেখ করে সাময়িক প্রতিকূলতা কাটিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
শিল্পের টেকসই বিকাশ ও সুরক্ষায় সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিগত সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
এস