বর্তমানে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে দিনের শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে মতিঝিলের পথে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করা হবে।

তবে সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন।

ডিএমটিসিএল সূত্র জানায়, চলতি মাসের শেষ দিকে দুটি বাড়তি ট্রেন চালু করার প্রস্তুতি চলছে। বর্তমানে শেষ ট্রেনগুলোর মধ্যে প্রায় ২০ মিনিটের যে বিরতি রয়েছে, বাড়তি ট্রেন চালু হলে তা কমে ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে।

এর ফলে প্রতিদিন আনুমানিক আরও ১০ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচলের সুযোগ পাবেন।

ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতে দুটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কবে থেকে এগুলো চলবে, সেই তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, বাড়তি ট্রেন চালু হলে দুই ট্রেনের মধ্যকার বিরতিও কমে আসবে।

রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় চালক বা অপারেটরদের প্রশিক্ষণও চলছে। সংশ্লিষ্টদের প্রশিক্ষণ আগামী ২৬ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে।

রক্ষণাবেক্ষণ কার্যক্রম ঠিক রেখে যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যেই এ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া আগামী মাস থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম।

এস