ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে একচেটিয়া আধিপত্য বিস্তার করে কলম্বিয়া। হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ ও জন আরিয়াসদের একের পর এক আক্রমণ কঙ্গোর রক্ষণভাগকে তছনছ করে দিলেও গোলপোস্টের নিচে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি। তাঁর একের পর এক দুর্দান্ত সেভের কারণে প্রথমার্ধসহ ম্যাচের সিংহভাগ সময় হতাশ হতে হয় কলম্বিয়ান ফরোয়ার্ডদের।

অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। হুয়ান কুয়েনতেরোর চমৎকার এক পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন ডিফেন্ডার ড্যানিয়েল মুনিয়োজ। তাঁর নেওয়া নিচু শটটি কঙ্গোর এক ডিফেন্ডারের গায়ে লেগে সামান্য দিক পরিবর্তন করে গোলরক্ষক এমপাসিকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। এই এক গোলের লিড শেষ পর্যন্ত ধরে রেখে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নেস্টর লরেঞ্জোর শিষ্যরা।

এই জয়ের ফলে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কলম্বিয়া। দিনের অন্য ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া পর্তুগাল ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুই দলই মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

১ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে থাকা ডিআর কঙ্গোর নকআউটের আশা এখনো কাগজে-কলমে বেঁচে রয়েছে। তবে সেজন্য শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জেতার পাশাপাশি অন্য ম্যাচের সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

এনএইচ