এমিরেটস স্টেডিয়ামে শুরুতেই গোল খেয়ে প্রবল ধাক্কা খাওয়া স্বাগতিক আর্সেনাল শেষ পর্যন্ত বড় পরীক্ষায় উৎরে গেছে। তিন ম্যাচের তিনটিতেই জিতে আর্সেনালের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ থাকল। একইসঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান (৯ পয়েন্ট করে) অবস্থানে উঠে এসেছে তারা।
চেলসির জন্য ম্যাচের শুরুটা ছিল স্বপ্নের মতো। দ্বিতীয় মিনিটেই ডি-বক্সের প্রান্ত থেকে নিচু ভলিতে ডেভিড রায়াকে পরাস্ত করে তাদের এগিয়ে দেন রজার্স। এরপর চ্যাম্পিয়নসুলভ প্রতিক্রিয়া দেখায় আর্সেনাল। একের পর এক সুযোগ তৈরি করার পর ২৫তম মিনিটে বক্সে ঢুকে মাটি কামড়ানো শটে পোস্টের কোনা ঘেঁষে গানারদের সমতায় ফেরান হাভার্টজ।
দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন ওডেগার্ড। ডি-বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে আর্সেনাল অধিনায়ক বল জালে পাঠান। ম্যাচের বাকি সময়ে উভয় দল আক্রমণে গেলেও কেউ আর স্কোরলাইনে (২-১) পরিবর্তন আনতে পারেনি।
শতভাগ জয়ের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দল যেভাবে খেলেছে ও লড়াই করেছে, তা দেখাটা ছিল আনন্দের। আমরা যে পরিমাণ আক্রমণাত্মক হুমকি তৈরি করেছি, ব্যক্তিগতভাবেও দারুণ কিছু পারফরম্যান্স ছিল। স্টেডিয়ামের ভেতরের পরিবেশটাও ছিল দেখার মতো।’
এমএম