মঙ্গলবার (৩০ জুন) দিনগত রাতের এ ম্যাচে জোড়া গোল করার সুবাদে কিংবদন্তি আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে।

চলতি বিশ্বকাপে প্রথম পর্বের তিন ম্যাচ থেকে এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন মেসি। এর মধ্যে প্রথম ম্যাচে হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে দুটি এবং তৃতীয় ম্যাচে করেন এক গোল। চারটি ম্যাচ খেলে ফরাসি স্ট্রাইকার এমবাপ্পের গোল সংখ্যাও ছয়টি।

তবে বিশ্বকাপের মোট গোলের সংখ্যায় এখনো এগিয়ে আছেন লিওনেল মেসি। ১৯ গোল নিয়ে সবার উপরে রয়েছেন এই আর্জেন্টাইন আইকন। অন্যদিকে এমবাপ্পের গোল সংখ্যা ১৮টি।

অর্থাৎ, এ ক্ষেত্রেও মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ক্ষিপ্র গতির এই ফরাসি স্ট্রাইকার। আর মাত্র একটি গোল করলেই তিনি বিশ্বকাপের মোট গোল সংখ্যাতেও মেসিকে ছুঁয়ে ফেলবেন।

তবে সামনের ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তির সামনে রয়েছে নিজেকে দু’দিক থেকেই এগিয়ে নেওয়ার সুযোগ।

আগামী ৪ জুলাই ভোর চারটায় শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেদিন মেসি গোল পেলে চলতি বিশ্বকাপে তিনি এগিয়ে যাবেন এমবাপ্পের থেকে। ব্যবধান বাড়বে মোট গোল সংখ্যায়ও।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও শেষ পর্যন্ত লড়াই হয়েছিল মেসি ও এমবাপ্পের মধ্যে। তবে এক গোলে এগিয়ে থেকে গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন এমবাপ্পেই। ওই বিশ্বকাপে মোট ৮টি গোল করেছিলেন তিনি।

অন্যদিকে ৭ গোল করা লিওনেল মেসির হাত থেকে গোল্ডেন বুট ফসকে গেলেও ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ট্রফি জিতে নিয়েছিল তার নেতৃত্বাধীন আর্জেন্টিনাই।

গতবারের মতো এই বিশ্বকাপেও গোলের লড়াইয়ে সমানে সমান মেসি ও এমবাপ্পে। তবে শেষ হাসিটা কে হাসবেন, কে জিতবেন সেরা গোলদাতা হিসেবে গোল্ডেন বুট, সেটাই দেখার অপেক্ষা।

এনএইচ