ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেট’র সাবেক সম্পাদক মাহবুবুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার (০৬ জুন)। গত বছরের এই দিনে ঢাকার একটি হাসপাতালে ৭৮ বছর বয়সে মারা যান তিনি। 

দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় টানা ১৮ বছর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পর ২০১৩ সালে তিনি অবসরে যান। তিনি সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় তথ্য উপদেষ্টা ছিলেন।

মাহবুবুল আলম দীর্ঘ ৫০ বছর সাংবাদিকতা করেছেন। ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত সাপ্তাহিক ডায়লগ’র সম্পাদক ও ১৯৮৭-১৯৮৯ সময়ে বাংলাদেশ সংবাদ সংস্থা’র প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৬-৮৭ সাল পর্যন্ত তিনি ইংরেজি দৈনিক দ্য নিউ নেশন’র সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতা ছাড়াও মাহবুবুল বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯-১৯৯২ সাল পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত পদমর্যাদায় প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া মাহবুবুল আলম একই দূতাবাসে ১৯৭৮-৮০ সময়ে প্রেস কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে ১৯৭৬-১৯৭৮ সময়ে প্রেস কাউন্সিলর ছিলেন। ১৯৮৩-১৯৮৬ সময়ে ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৮০-১৯৮৩ সাল পর্যন্ত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও এক্সটার্নাল পাবলিসিটি উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮০-১৯৮৩ সময়ে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের গভর্নিং বডি’র সদস্য ছিলেন। তিনি সংবাদপত্র মালিক সমিতি নোয়াব’র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ইউনিভার্সিটি অব উইসকনসিন, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মাহবুবুল আলমের জন্ম ১৯৩৬ সালে মুন্সীগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। কমনওয়েলথ প্রেস ইউনিয়নের ফেলো হিসেবে ১৯৬৩ সালে জার্নালিজম অ্যান্ড কমনওয়েলথ রিলেশনে প্রশিক্ষণ গ্রহণ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকেও একটি সংক্ষিপ্ত কোর্স করেন এ সাংবাদিক।

১৯৫৭ সালে তৎকালীন পাকিস্তানের অ্যাসোসিয়েটেড প্রেসে কাজ করার মধ্য দিয়ে মাহবুবুল আলম সাংবাদিকতা পেশায় যোগ দেন।

মাহবুবুল আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা অফিসে ও মুন্সীগঞ্জে মরহুমের গ্রামের বাড়িতে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এমএইচ