কথাসাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী প্রয়াত হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদকে ফেসবুকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
উগ্রপন্থী ইসলামিস্টরা তাকে এ হুমকি দিচ্ছে বলে গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি।
গার্ডিয়ানে বৃহস্পতিবার অনন্য আজাদের সাক্ষাৎকারসহ এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামপন্থীদের করা হিটলিস্টে ৮৪ নাস্তিক ব্লগারের মধ্যে অনন্যর নাম রয়েছে। ওই তালিকাটি ২০১৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হয়।
অনন্য বলেন, “অনেক দিন ধরেই অনেকে আমাকে লেখালেখি থেকে বিরত থাকতে বলছেন।”
তিনি জানান, অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের ঘটনার পর গত সপ্তাহে ফেসবুকে তাকে হত্যার হুমকি দেয়া হয়। ফেসবুকে পাঠানো বার্তায় বলা হয়েছে, “তুমিই পরবর্তী শিকার হতে যাচ্ছ। সুতরাং, সাবধান।”
অনন্য জানান, তিনি ব্লগে তেমন লেখালেখি করেন না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে থাকেন। বর্তমানে তিনি বাইরে তেমন একটা বের হন না।
অনন্যর বাবা হুমায়ুন আজাদকে ২০০৪ সালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ওই ঘটনার কিছুদিন পর জার্মানীতে মারা যান তিনি।
সম্প্রতি ওয়াশিকুর রহমান নামে ব্লগার নিহতের পর পত্রিকার কলামিস্টের কাজ ছেড়ে দেন অনন্য।
এসএইচ





