জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কোতোয়ালী থানায় মামলা দুটি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জবির ফটো সাংবাদিক কাজী মোবারক বাদী হয়ে বিভিন্ন গণমাধ্যমের ১৫ জন ক্যাম্পাস প্রতিনিধির বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে একটি মামলা করেন।

মামলার বাদী কাজী মোবারক জবি শাখা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলামের পক্ষের কর্মী হিসেবে ক্যাম্পাসে সুপরিচিত বলে অভিযোগ আছে এবং তার নির্দেশেই মামলাটি করা হয়েছে।

এ মামলার আসামিরা হলেন : জসীম রেজা, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম, প্রথম আলোর প্রতিবেদক মুসা আহমেদ, সমকালের এস এম আল-আমিন, জনকণ্ঠের হাসান ইমাম, মানবজমিনের গোলাম মাওলা, ইত্তেফাকের জুবাইর হোসাইন,

নিউ নেশনের হাসান মাহমুদ, ইন্ডিপেন্ডেন্টের রফিকুল ইসলাম, নিউএজের ইমরুল হাসান বাপ্পি, শীর্ষ নিউজের নজরুল ইসলাম, ভোরের ডাকের সাদ্দাম হোসাইন, অর্থসূচকের মিরাজুল ইসলাম, নতুন বার্তার মাহফুজুর রহমান ও বাংলার বার্তার জহিরুল ইসলাম।

অপরদিকে এ মামলার পর রাত সাড়ে ৯টার দিকে বাদী হয়ে পাল্টা মামলা করেন দৈনিক কালের কণ্ঠের জবি প্রতিনিধি ও জবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসীম রেজা। রোববার মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এ মামলাটি করা হয়।

এ মামলার আসামিরা হলেন: কাজী মোবারক, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মনিরুজ্জামান, সকালের খবরের তানভির রায়হান, দ্যা রিপোর্টের লুৎফর রহমান, বাংলা মেইলের হেদায়েত বাবু ও ছাত্রলীগ কর্মী রাশেদুজ্জামান, জামাল হোসেন ও ফয়সাল শাহিনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পাল্টাপাল্টি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দৈনিক প্রথম আলো, কালের কন্ঠ ও ডেইলি সানের বিরুদ্ধে ঢাকা-১৫ আসনের সরকারদলীয় এমপি কামাল মজুমদারের দায়ের মামলার প্রতিবাদে রোববার ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে কোনো কারণ ছাড়াই হামলা করেন কাজী মোবারক ও শরিফুলের কর্মীরা। তখন সংঘর্ষে প্রায় ১২ জন সাংবাদিক আহত হন।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর, কেএইচ