একুশে টিভি’র সাংবাদিক অখিল পোদ্দারকে নির্যাতনকারী এএসআই আবুল কালামকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাজপথ অবরোধের ঘোষণা দিয়েছে সাংবাদিক নেতারা।
এর আগে আগামীকাল সোমবার আইজিপি’র দফতরে স্মারকলিপি প্রদাণ করবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) নেতৃবৃন্দ।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত মানববন্ধ ও প্রতিবাদ সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
ক্র্যাব সভাপতি আখতাজ্জামান লাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ আকনের পরিচালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, ডিআরউ’র সাধারণ সম্পাদক ইলিয়াস খান,ডিআরইউ সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন, সাবেক ক্র্যাব সভাপতি পারভেজ খান,
ক্র্যাব সমবায় সমিতির সভাপতি সাব্বিার মাহমুদ ও সাধারণ সম্পাদক নেসারুল হক খোকন, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান উজ্জল, রফিক আহমেদ,কামরুজ্জামান খান,পেট্ট্রিক ডি কস্তা, মামুনুর রশিদ, আক্তার হোসেন,মঞ্জর হোসেন ঈসা, শারমীন রহমান সুমা, সেলিম খান প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন, বিনা কারণে কুষ্টিয়ার কুমারখালী থানার পুলিশ কর্মকর্তা এএসআই আবুল কালাম আজাদসহ পুলিশ বাহিনীর সদস্য এবং সন্ত্রাসীরা দেশের বিভিন্ন এলাকায় পেশাদার সাংবাদির ওপর পরিকল্পিতভাবে হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।
অবিলম্বে সাংবাদিক অখিল পোদ্দারসহ সকল সাংবাদিকের উপর নির্যাতনকারী পুলিশ সদস্য এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যায় পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
ঢাকা, একে, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





