দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বিশেষ সংবাদদাতা শওকত ওসমান রচিকে বেশ কিছু দিন ধরে অজ্ঞাত পরিচয়ে গোপন টেলিফোন নম্বর থেকে হত্যার হুমকী দিচ্ছে সন্ত্রাসীরা। আর এ ঘটনায় উদ্বিগ্ন সাংবাদিক সমাজ।

ওই হুমকির ঘটনায় শওকত ওসমান রচি গত ১২ মার্চ মিরপুর শাহ আলী থানায় একটি সাধারণ ডাইরি(জিডি নং- ৫৮৩) দায়ের করেন।

এদিকে ওই ঘটনায় শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশাহ, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি ইসারফ হোসেন ইসা , সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ,মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ সাংবাদিকনেতারা পৃথক পৃথক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন , একজন পেশাদার সাংবাদিককে এভাবে অনবরত হত্যার হুমকীর ঘটনায় আজ গোটা সাংবাদিক মহল উদ্বিগ্ন।

সাংবাদিক নেতারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানিয়েছেন।

তারা আরো বলেন, সাংবাদিক দম্পতি সাগর রুনির খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা আস্কারা পেয়ে যাচ্ছে।
একে