জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্য আচরণের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক নেতারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতারা এক যৌথ বিবৃতিতে আগামী রোববারের মধ্যে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে এ সময় বেধে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এবং ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান এক যৌথ বিবৃতিতে এ আল্টিমেটাম দিয়েছেন।

সাংবাদিক নেতারা বলেন, গত ২৪ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান তার আয়োজিত সংবাদ সম্মেলনে হঠাৎ দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি হেলাল উদ্দিনের সঙ্গে ঔদ্ধত্য আচরণ করেন।

বিবৃতিতে তারা বলেন, নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের এ দূর্ব্যবহার এবং অকথ্য ভাষায় আক্রমন গোটা সাংবাদিক সমাজকে মর্মাহত ও ব্যথিত করেছে। এ ধরনের আচরণ সরকারী চাকুরি বিধিমালারও লঙ্ঘন।

সাংবাদিক নেতারা বলেন, এনবিআরের মত রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের এ আচরণ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে যেমন রুদ্ধ করবে, তেমনই গোটা গণমাধ্যম জুড়ে সৃষ্টি করবে ভীতিকর পরিস্থিতি। যা সাংবাদিক সমাজ কোন ভাবেই মেনে নেবে না। ফলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

একই সঙ্গে এ ঘটনায় এনবিআর চেয়ারম্যানকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার জন্য আগামী ১মার্চ রোববার পর্যন্ত সময় সীমা বেধে দিয়েছেন উভয় সংগঠনের নেতৃবৃন্দ। অন্যথায় সাংবাদিক নেতারা পরবর্তী কর্মসূটি ঘোষণা করতে বাধ্য হবেন বলে জানান।

নির্ধারিত সময়ের মধ্যে নিঃশর্ত ক্ষমা ও তার কুরুচিপূর্ন বক্তব্য প্রত্যাহার না করলে সোমবার সংগঠন দু’টি যৌথসভা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে।

একে/এমকে