পুলিশের অসদাচরণ বন্ধে সাংবাদিক নেতাদের আল্টিমেটামের তিন ঘণ্টার মাথায় রাজধানীতে আরও এক সাংবাদিককে মারধর করে থানায় নিয়ে গেছে পুলিশ।

রোববার বিকাল ৪টায় গুলশান থানা এলাকায় ভারতীয় দূতাবাসের সামনে 'দৈনিক সকালের খবর' পত্রিকার ক্রাইম রিপোর্টার এমদাদুল হক খানকে মারধর করে পুলিশ।

আহত সাংবাদিক এমদাদ বলেন, “ভিসার জন্য আগে জমা দেয়া পাসপোর্টটি আনার জন্য আজ ভারতীয় দূতাবাসে যাই। দূতাবাসের ভেতরে ঢোকার সময় পুলিশ পরিচয় জানতে সাংবাদিক পরিচয় জানায়। এরপরও সবাইকে পুলিশ ঢুকতে দিলেও আমাকে ঢুকতে না দিয়ে উল্টো মারধর শুরু করে।”

তিনি আরো বলেন, “দূতাবাসের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ কনষ্টেবল মালেক, জুয়েল, সিদ্দিক ও মুক্তার তাকে কিল ঘুষি দিতে থাকে। একপর্যায়ে তাদের সঙ্গে এএসআই জালাল ও সেলিমও যোগ দেন। এরপর পুলিশ আমাকে গাড়িতে তুলে বসিয়ে রাখে।”

এ বিষয় নিশ্চিত হতে একাধিকবার গুলশান জোনের ডিসি লুৎফুল কবিরের ফোনে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, কিছু দিন আগে ক্র্যাবের জ্যেষ্ঠ সদস্য পিনাকি দাশ গুপ্ত, মাহবুব আলম লাভলু, ইন্দ্রজীৎ সরকার ও বতর্মান সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত কায়সারের সাথে পুলিশ অসদাচরণ করে।

এর প্রতিবাদে রোববার সকালে ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এ প্রতিবাদ সভা থেকে সাংবাদিক নেতারা পুলিশকে সাত দিনের আল্টিমেটাম দেয়। অন্যথায় আগামীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানান সাংবাদিক নেতারা।

এমআর/এমকে