দৈনিক জনকণ্ঠ ও বাসসের লালমনিরহাট জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিনকে (৪০) গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ম্যাগারাম এলাকায় এ হামলা চালায় দুর্বৃত্তরা।

আহত সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন লালমনিরহাট পৌরসভার ইমামগঞ্জের বাসিন্দা। তিনি লালমনিরহাট প্রেসক্লাবের সদস্য।

পেশাগত দায়িত্ব পালন করতে দুপুরের দিকে ওই এলাকায় যান শাহিন। এ সময় দুর্বৃত্তরা তার উপর চড়াও হয়ে বিতর্কে লিপ্ত হয়। এর এক পর্যায়ে দুর্বৃত্তরা তার গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এএইচ