সদ্য প্রয়াত সাংবাদিক সন্তোষ মন্ডলের মরদেহ ২৪ জুন শুক্রবার সকাল পৌনে ৯টায় নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছার পর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)-এর কর্মকর্তারা তা গ্রহণ করেন।

সন্তোষ মন্ডলের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করার পর দুপুর ১২টায় ডিআরইউ-তে নেয়া হয়। সেখানে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে সন্তোষ মন্ডলের অকাল মৃত্যুতে ডিআরইউ তিনদিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে বলে জানা গেছে।উল্লেখ্য, নিউইয়র্কের ব্রুকলীনস্থ কর্মস্থলে গত ২০ জুন সোমবার বেলা একটার দিকে তিনি পরলোকগমন করেন।

সোমবার সন্তোষ মন্ডলের মরদেহ হাসপাতাল থেকে গ্রহণ করার পর স্থানীয় ফিউনারেল হোমে রাখা হয়। এরপর মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় অফিসিয়াল কাগজপত্র প্রস্তুত হওয়ার পর ২২ জুন বুধবার রাত ১১টার আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ তুলে দেয়া হয়। কর্মস্থলে বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে তাকে ব্রুকলীনস্থ কিংস কাউন্টি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন।সাংবাদিকদের জরুরী সভা: প্রয়াত সাংবাদিক সন্তোষ মন্ডলের মরদেহ দেশে প্রেরণসহ তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নিউইয়র্কের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। সাংবাদিকেদের এক জরুরী সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় সবকিছু করার সিদ্ধান্ত এবং কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে। সিটির জ্যাকসন হাইসস্থ খাবার বাড়ী রেষ্টুরেন্টের চাইনিজে ২০ জুন সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ব্যতিক্রমী এই সভায় তার বিদেহী আতত্তার শান্তি কামনা করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। সভাপতি বিহীন এই সভায় নিউইয়র্ক ও ঢাকার সাংবাদিকদের বিশেষ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র করণীয় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বলা হয় নিউইয়র্ক থেকে সন্তোষ মন্ডলের মরদেহ ঢাকায় প্রেরণের পর দিনের শোক পালনের সিদ্ধান্ত ডিআরইউ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সভায় মরদেহ দেশে প্রেরণ ও তার পরিবারের সাহায্যের জন্য সভায় আর্থিক সহযোগিতার ব্যাপারে কমিউনিটি নেতৃবৃন্দর সহযোগিতা কামনা করা হয় এবং তাৎক্ষনিকভাবে সাংবাদিক ও শুভাকাঙ্খীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়।

এছাড়া নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট সহ বাংলাদেশ সরকারেরও সার্বিক সহযোগিতা কামনা করা হয় সভায়। সভায় উল্লেখিত কর্মকান্ড সমন্বয় করার জন্য বাংলাদেশসোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউএসএ’র সাবেক পরিচালক ফখরুল আলমের নেতৃত্বে ৫ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, এটিএন নিউজ ইউএসএ’র বার্তা সম্পাদক দর্পণ কবীর, হককথা ও ইউএনএ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং ড্রাম-এর অন্যতম পরিচালক কাজী ফৌজিয়া।সভায় এখন সময় সম্পাদক কাজী সামসুল হক, সাপ্তাহিক সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, সময় টিভি’র যুক্তরাষ্ট্র বুরো প্রধান শিহাব উদ্দীন কিসলু, ভয়েস অব আমেরিকা’র ফকির সেলিম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, টাইম টিভি’র পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, সাপ্তাহিক আজকাল-এর নির্বাহী সম্পাদক শওকত ওসমান, সাংবাদিক ইমরান আনসারী, মিথুন কামাল, কানু দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।ফিউনারেল হোমে সাংবাদিকদের ভীড়: এদিকে প্রয়াত সন্তোষ মন্ডলকে শেষবারের মতো এক নজর দেখার জন্য নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক এবং তার সহকর্মীসহ ডিআরইউএ’র সাবেক কর্মকর্তারা ফিউনেরাল হোমে ভীড় জমান।এজন্য বুধবার বেলা দু’টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তার মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়।

এসময় সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও মিডিয়া দুটির পক্ষ থেকে সন্তোষ মন্ডলের কফিনে শেষ শ্রদ্ধা জানাতে পুষ্পস্থবক অর্পণ করেন।এছাড়া ফখরুল আলম, সময় টিভি’র যুক্তরাষ্ট্র বুরো প্রধান শিহাব উদ্দীন কিসলু, ডিআরইউএ’র সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাংবাদিক মনির হায়দার, বিএফইউজে’র সাবেক দপ্তর সম্পাদক ইমরান আনসারী, চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি সঞ্জয় টাকি, টাইম টিভি’র সোহেল হোসাইন প্রমুখ ফিউনারেল হোমে উপস্থিত ছিলেন।শোক প্রকাশ: এদিকে সাংবাদিক সন্তোষ মন্ডলের অকাল আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক দর্পণ কবীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে প্রয়াত সন্তোষ মন্ডলের বিদেহী আত্তার শান্তি কামনা করেছেন।

অপরদিকে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সাংবাদিক সন্তোষ মন্ডলের অকাল মুত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে প্রয়াত সন্তোষ মন্ডলের বিদেহী আত্তার শান্তি কামনা করেছেন।ঢাকায় শ্রদ্ধা নিবেদন: জানা গেছে, সন্তোষ মন্ডলের মরদেহ শ্রদ্ধা নিবেদন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক উনিয়ন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানান, সংগঠনের সভাপতি জামাল উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রাক্তন সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, প্রাক্তন সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও ইলিয়াস হোসেনসহ নেতারা।এ ছাড়া সন্তোষ মন্ডলকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন, কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স। তার এক সময়ের কর্মস্থল চ্যানেল আই, পুলিশের আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। সময় সন্তোষ মন্ডলের বড় ভাই মহিতোষ কুমার মন্ডল, ছেলে স্বাগতসহ তার নিকটাত্মীয় কয়েকজন সেখানে ছিলেন।

ডিআরইউয়ের শ্রদ্ধা নিবেদন শেষে সন্তোষ মন্ডলকে তার বাসভবন কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে তার প্রিয়জনেরা শ্রদ্ধা জানান। শুক্রবার দুপুরের পর পুস্তকলা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।জানা গেছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রথা অনুযায়ী সাংবাদিক সন্তোষ মন্ডলের পরিবারকে অর্থ সহায়তা ও সন্তানদের পড়ালেখার জন্য সহযোগিতা করা হবে। এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে তিন দিনের শোক পালন করা হবে।

২৪ জুন শুক্রবার দুপুরে ডিআরইউয়ে সাংবাদিক সন্তোষ মন্ডলকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

ঢাকায় ডিআরইউ’র শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘ডিআরইউয়ের প্রথা অনুযায়ী কোনো সদস্য প্রয়াত হলে তার পরিবারের পাশে দাঁড়ায় সংগঠনটি। দাদার ক্ষেত্রেও তাই হবে। আমরা কিছুদিনের মধ্যেই তার পরিবারের হাতে তিন লাখ টাকা তুলে দেব এবং তার সন্তানদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২ হাজার টাকা শিক্ষাবৃত্তি এ বছর থেকেই দেওয়া হবে। আর তার মৃত্যুতে ডিআরইউ তিনদিনের শোক প্রস্তাব কর্মসূচি নিয়েছে।

এই তিনদিন সবাই কালো ব্যাজ ধারণ করবেন।’আরো উল্লেখ্য, দৈনিক সংবাদ ও দৈনিক মুক্তকন্ঠ’এর সাবেক ক্রাইম রিপোর্টার, ডেইলী সান-এর বিশেষ প্রতিনিধি, ওয়েব পোর্টাল রাইজিং বিডি.কম-এর সাবেক নির্বাহী সম্পাদক ও চ্যানেল আই’র সাবেক বার্তা সম্পাদক সন্তোষ মন্ডল বছর খানেক আগে যুক্তরাষ্ট্র সফরে আসেন এবং নিউইয়র্কে বসবাসের সিদ্ধান্ত নেন।তার দেশের বাড়ী যশোর।