রাজশাহীতে সাংবাদিকদের বিভিন্ন নাশকতার মামলায় জড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।
বৃহস্পতিবার সমিতির সভাপতি এমএ সাঈদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত বিবৃতিতে সাংবাদিকদের একের পর এক মামলায় জড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি রাজশাহী নগরের সাহেববাজার মনি চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রথম আলোর আলোকচিত্রী শহিদুল ইসলাম দুখু ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন মো: রায়হানকে আসামি করা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।
এছাড়া পুলিশ গত ১ মার্চ রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় বাস পোড়ানোর মামলায় দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আনু মোস্তফাকে আসামি করে।
দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অন্তরায় হয়ে দেখা দিয়েছে। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
বিবৃতিতে সাংবাদিক শহিদুল ইসলাম, মো: রায়হান ও আনু মোস্তফার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এমকে





