নীলফামারীর ডোমার উপজেলায় কর্মরত সাংবাদিকরা ঘণ্টাব্যাপী কলম বিরতি পালন করেছেন।

গত বছরের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতার মামলায় দুই সাংবাদিককে জড়িয়ে আদালতে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তারা।

শনিবার বেলা ১১টায় ডোমার বাজার রেলঘুন্টি মোড়ে ঘণ্টাব্যাপী এ কলম বিরতি পালিত হয়।

ডোমার প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন, সহ-সম্পাদক রওশন রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ডোমার রিপোটার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিল্লোল, ডোমার সাংবাদিক সমিতির সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সাংবাদিক ময়নুল হক, গোলাম রাব্বানী প্রমুখ।

বক্তরা মিথ্যা মামলায় জড়ানো দুই সাংবাদিকের নাম প্রত্যাহারসহ ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণ দাবি করেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

সাংবাদিকরা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে ডোমার থানা পুলিশের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় পুলিশ ডোমার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ডোমার প্রতিনিধি মোজাফ্ফর আলী এবং দপ্তর সম্পাদক ও অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডির নীলফামারী প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুনের নামে গত বছরের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া মাদ্রাসা ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জড়িয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। কোনোভাবেই সেদিনের ওই সহিংসতার ঘটনায় ওই দুই সাংবাদিক জড়িত নয়।

এএইচ