মুসলিম ব্রাদারহুডকে সমর্থনের অভিযোগে মিশরে আলজাজিরার তিনজন সাংবাদিককে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। কায়রোর একটি আদালতে সোমবার এ রায় দেয়া হয়। খবর আল জাজিরা ও বিবিসি'র।

দণ্ডপ্রাপ্ত তিনজন সাংবাদিক হলেন- পিটার গ্রেস্টে, মোহাম্মেদ ফাহমি ও বাহের মোহামেদ। তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন ও মুসলিম ব্রাদারহুডকে সমর্থনের অভিযোগ প্রমাণ করেছে মিশরের সরকারি প্রসিকিউটররা। তবে, দণ্ডপ্রাপ্ত সাংবাদিকরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

এই তিনজন সাংবাদিক গত ৬ মাস ধরে মিশরের কারাগারে আটক রয়েছেন। এই তিনজন ছাড়াও আরো নয়জনকে একই অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে। নয়জনের মধ্যে তিনজন বিদেশি সাংবাদিকও রয়েছেন। তবে, তারা এখন মিশরে নেই।

এমন এক সময়ে এই রায় দেয়া হলো যখন মিশরের সামরিক জান্তার বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনা করা হচ্ছে। মিশরের এই রায় রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে বলে অভিযোগ করছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপ এই রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ও হতাশাজনক। উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত সাংবাদিক গ্রেস্টে অস্ট্রেলিয়ার নাগরিক এবং তিনি একসময় বিবিসি'র সাংবাদিক ছিলেন।

তবে, রায়ের বিরুদ্ধে সাংবাদিকেরা আপীল করবেন বলে জানা গেছে। সূত্র: আলজাজিরা ও বিবিসি

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ