নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনার পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ হোসেন টিপুকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
অফিস থেকে বাসায় ফেরার পথে নরসিংদী পৌর এলাকার পশ্চিম ব্রাহ্মন্দী মোড়ে মঙ্গলবার রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ১০-১২ জন দুর্বৃত্ত তার উপর হামলা করে। এ সময় সঙ্গে থাকা এ্যাডভোকেট আতাউর রহমান শাহীন তাকে বাঁচানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তার উপর ক্ষিপ্ত হয়। এ্যাডভোকেট আতাউরের চিৎকারে লোকজন ছুটে আসেন। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ২০টির মত সেলাই দেওয়া হয়।
এ্যাডভোকেট আতাউর ও আহত টিপু জানান, কোনো সন্ত্রাসীকে তারা চিনতে পারেননি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে সাংবাদিক টিপু জানান, অতি সম্প্রতি একটি রিপোর্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
এদিকে ঘটনার খবর পেয়ে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী হাসপাতালে টিপুকে দেখতে আসেন।
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এএইচ





