ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সাংবাদিকদের নিষিদ্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়েছে বিজ্ঞপ্তি।
এতে বলা হয়েছে,'বিশেষ বিজ্ঞপ্তি: দালাল এবং সাংবাদিকদের প্রবেশ নিষেধ; কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার শিকার হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। প্রচারে- ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ।'
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজধানীর মিডফোর্ড হাসপাতালে সাংবাদিকদের ওপর চিকিৎসকদের হামলার ঘটনায় দেশজুড়ে চলছে ব্যাপক সমালোচনা।
বৃহস্পতিবার মমেক হাসপাতালের বিভিন্ন দেয়ালে এ ধরনের বিজ্ঞপ্তি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। তারা একে ‘উস্কানিমূলক’ বলে মনে করছেন। গণমাধ্যম কর্মীদের অভিযোগ, কতিপয় ডাক্তারদের নানা অনিয়ম বের হয়ে আসায় তারা এক রকম উদ্বিগ্ন। সাংবাদিকরা দূরে থাকলেই তাদের সুবিধা হয়। এ কারণেই হামলা, মামলা ও প্রবেশে নিশেধাজ্ঞা দেয়া হচ্ছে।
সূত্র জানায়, মাত্র দু’মাস আগে মমেক হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের হাতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ৩ সাংবাদিক লাঞ্ছিত হন। এছাড়াও সাম্প্রতিককালে হাসপাতালের জনবল নিয়োগ নিয়ে অনিয়ম ও দুর্নীতির চিত্র প্রকাশ করায় সাংবাদিকদের উপর ক্ষুব্ধ একটি মহল।
এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মতিউর রহমান সাংবাদিকদের বলেন, হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কে বা কারা এ কাজটি করেছে তা আমরা তদন্ত করে দেখবো।
মমেক হাসপতালের উপ-পরিচালক ও দায়িত্বপ্রা প্ত পরিচালক ডা: মো: জাহাঙ্গীর আলম ভূইয়া জানান,কে বা কারা এ বিজ্ঞপ্তি হাসপাতালের দেয়ালে দেয়ালে লাগিয়েছে তা আমার জানা নেই। বিজ্ঞপ্তিটি আমারও চোখে পড়েছে। তবে এ রকম লেখা উচিত হয়নি।
এসব বিজ্ঞপ্তি দ্রুত অপসারণ করা হবে বলে আশ্বাস দেন হাসপাতালের শীর্ষ এ কর্মকর্তা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান বলেন,হাসপাতালে সাংবাদিক নিষিদ্ধ করার এ নোটিশের নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন,দ্রুত এটি অপসারণ করে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের অবস্থান পরিস্কার করতে হবে।  
ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা বলেন,রামেকের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও সাংবাদিকদের ওপর ইতিপূর্বে হামলার ঘটনা ঘটেছে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]