দৈনিক নিউএজ পত্রিকা অফিসে পুলিশের হানা এবং তল্লাশী চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।

আজ সোমবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের( ডিইউজে) একাংশের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে দৈনিক নিউ এজ পুত্রকা অফিসে পুলিশের হানা এবং তল্লাশী চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সাংবাদিক নেতারা বলেন, মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি ক্ষমতাসীনরা কতটা রুষ্ট, পুলিশের এ আচরণের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে।

পুলিশের এমন উদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদ মাধ্যমের জন্য সরাসরি হুমকি। গণমাধ্যমকে ভীত সন্ত্রস্ত করাই এর একমাত্র উদ্দেশ্য।

পুলিশের এ আচরণকে পেশাদার সৎ. সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি নগ্ন হস্তক্ষেপ বলে সাংবাদিক নেতারা দাবি করেন।

তারা অবিলম্বে সাংবাদিক দমন-পীড়ন, নির্যাতন ও হত্যাকান্ড বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের জোর দাবি জানান।

একে/এসএইচ