বিদেশে ভ্রমণরত বাংলাদেশী সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারিতে রাখার নির্দেশে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।
বৃহস্পতিবার ( ১৮ মে ) এক যুক্ত বিবৃতিতে বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান উদ্বেগ প্রকাশ করেন।
বিদেশে ভ্রমণরত বাংলাদেশী সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারিতে রাখার জন্য বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার ( ১৭ মে ) মন্ত্রণালয়ের সার্কুলারে এ তথ্য জানিয়ে বলা হয়, যদি কোনো সাংবাদিক বিদেশে দেশবিরোধী কাজে লিপ্ত হন, তবে তাকে চিহ্নিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকের পরামর্শ অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক নেতারা বিবৃতিতে বলেন, এটা গণমাধ্যমের কণ্ঠরোধে সরকারের নতুন ষড়যন্ত্র। মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই নির্দেশ মুক্ত সাংবাদিকতা এবং সাংবিধানিক অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করবে। উপরন্তু সাংবাদিক হয়রানির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।
নেতৃবৃন্দ বলেন, পেশাগত কাজ করতে গিয়ে সাংবাদিকরা পদে পদে প্রশাসনের বাধার সম্মুখীন হচ্ছেন। সাংবাদিকদের ওপর নির্বিচার হামলা, গ্রেফতার, মিথ্যা মামলা, রিমান্ডে নিয়ে নির্যাতন এখন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকদের কোনোই নিরাপত্তা নেই।
তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী বর্তমান সরকারের আমলে দলন, দমন আর নিপীড়নে বহু গণমাধ্যমে চরম অস্থিরতা বিরাজ করছে। নিপীড়নমূলক আইসিটি এ্যাক্টের বিতর্কিত ধারার মাধ্যমে সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বিচার না হওয়ার কারণে সন্ত্রাসী ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে বিদেশে ভ্রমণরত সাংবাদিকদের নজরদারীর নিপীড়নমূলক নিদের্শ প্রত্যাহার করার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি।





