রামু উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

কক্সবাজার শহরতলীর শীর্ষ সন্ত্রাসী কুদরত উল্লাহ সিকদারকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
আহত সাংবাদিকরা হলেন- একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ও এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন।

সোমবার রাত ১০টার দিকে আহত সাংবাদিক এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন বাদী হয়ে রামু থানায় মামলাটি দায়ের করেন। যার নং-৩৭/১৪।

মামলার বিবরনীতে বাদী উল্লেখ করেন, রামু উপজেলা উপ-নির্বাচনের সংবাদ সংগ্রহ করে রোববার সকাল ১১টার দিকে দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তারা বের হচ্ছিল। এসময় সামনের রাস্তার উঠলে লিংকরোডের চিহ্নিত সন্ত্রাসী কুদরত উল্লাহ সিকদারের নেতৃত্বে ৯/১০ জনের একটি সন্ত্রাসী দল তাদের গাড়ির গতিরোধ করে। তারপর কিছু বুঝে উঠার আগেই তারা অতর্কিত হামলা চালায়। এতে বাদী আহসান সুমন ছাড়াও সন্ত্রাসী হামলায় তার সহকর্মী একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু (২৮), ক্যামরাপার্সন বাবু কান্তি দে (২৭) এবং গাড়ির চালক দেলোয়ার হোসেন (২৮) মারাত্মক আহত হয়।
লাঠি দিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি সাংবাদিকদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে।

মামলার অন্য আসামির হলেন- আন্তঃজেলা ডাকাত সদস্য দিদারুল আলম ও ইউনুছ ভুট্টো, দেলোয়ার হোসেন।

মামলা বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, ‘মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

জেএ