চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা ও ক্যামেরাম্যান খায়রুল আলমের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারের দাবীতে কর্মবিরতি পালন করেছেন খুলনায় কর্মরত সাংবাদিকরা। খুলনা প্রেস ক্লাবের সামনের সড়কে শনিবার বেলা ১১ টা থেকে দুই ঘন্টা ব্যাপী এই কর্মবিরতি পালিত হয়েছে।
কর্ম বিরতিতে বক্তরা বলেন , ভূমি দস্যু ও সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনার শহরতলীর জিরো পয়েন্ট এলাকা। সংবাদ সংগ্রহ করার সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুত্বর আহত করে এই দুই সাংবাদিককে। এমনকি তাদের ক্যামেরা ও ট্রাইপট ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়া হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে হরিণটানা থানার পুলিশ উপস্থিত থাকলেও ছিলো দর্শকের ভূমিকায়। হামলাকারীরা যুবলীগ ও বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত। আর তাই অতিসত্বর এই সকল হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচীর মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানাবে।
উল্লেখ্য গত মঙ্গলবার চ্যানেল ২৪ এর সাংবাদিক ও ক্যামেরাম্যান বাসে অতিরিক্ত যাত্রীবহনের দৃশ্যধারণ ও সংবাদ সংগ্রহ করছিলো। এ সময় ৬০/৭০ জনের একটি সন্ত্রাসী বাহিনী জিরো পয়েন্টে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় ও ভাংচুর শুরু করে। তখন ক্যামেরাম্যান খায়রুল দূর থেকে দৃশ্যটি ধারণ করে। এক পর্যায় হামলাকারীরা সাংবাদিকদের দেখতে পেয়ে তাদের উপর চড়াও হয়। দুইজনকে বেদম প্রহার করে।
এ সময় ক্যামেরাম্যানের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। তাদের ক্যামেরা ও ট্রাইপট ভেঙ্গে টুকরো টুকরো করা হয়। আহত সাংবাদিক ও ক্যামেরাম্যানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দেয়া হয়।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]