বুধবার রাতের মধ্যে দৈনিক বর্তমান পত্রিকার অফিস খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আর ২৪ ঘণ্টার মধ্যে সকল সমস্যা সমাধান করতে না পারলে আগামীকাল দুপুর ১২টায় সাংবাদিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
বুধবার বর্তমান কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে বক্তব্যে এ সমাবেশের ডাক দেওয়া হয়।
এসময় ডিআইইউয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন বাদশা দৈনিক বর্তমানের মালিকের উদ্দেশে বলেন, ‘পত্রিকা চালু করেছিলেন একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। আর পত্রিকা বন্ধ করলেও আইনি প্রক্রিয়া মানতে হবে। হঠাৎ করে এভাবে দরজায় তালা ঝুলিয়ে বলবেন, আজ পত্রিকা অফিস বন্ধ, এটা চলবে না। আপনি কীভাবে টাকা পয়সার মালিক হয়েছেন তা সবার জানা আছে। শিগগির সমস্যার সমাধান করুন, না হলে পালাবার পথ খুঁজে পাবেন না। সাংবাদিকরা অন্যায়ভাবে আপনার কোন কথা শুনবেন না। পত্রিকার প্রকাশনা খুলে দিন। পত্রিকা বের হতে থাকবে। সাংবাদিকদের দেনা-পাওনা মিটিয়ে দিন।’
সমাবেশে উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ বলেন, ‘বৃহস্পতিবার সকালের মধ্যে সমস্যার সমাধান করুন। না হলে বেলা ১২টায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ডিআরইউয়ের নেতারা উপস্থিত থাকবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে ওঠা হবে না। সকল প্রকার পাওনা আদায় করেই সমাবেশ শেষ করা হবে। শুধু এক-দুই মাসের বেতন নয়, আরো হিসেব আছে, সেগুলোও পরিশোধ করতে হবে।’
প্রতিবাদ সমাবেশে বর্তমান পত্রিকার সাংবাদিকরা বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ করেই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন, তা সাংবাদিকরা কোনোভাবেই মানবেন না। ২৪ ঘণ্টা পার হলেও পত্রিকাটির মালিক মিজানুর রহমান কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কীভাবে দাবি আদায় করতে হয় তা জানেন সাংবাদিকরা।’
প্রতিবাদ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ডিআরইউয়ের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেআই





