একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁদা দাবির অভিযোগ বরগুনার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার মামলাটি করেন বরগুনা-১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন।

মামলার অপর আসামিরা হলেন- ‘একুশের চোখ’র উপস্থাপক ইলিয়াস হোসাইন, এডিটর রাকিব হাসান ও বরগুনা জেলার প্রতিনিধি জয়দেব রায়।

বিচারক নোমান মঈনুদ্দিন জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে এক মাসের মধ্যে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন।

মামলার অভিযোগ করেন, ১২ সেপ্টেম্বর মামলার চার নম্বর আসামি একুশে টিভির বরগুনা জেলা প্রতিনিধি জয়দেব রায় তার বাসায় গিয়ে উপস্থিত লোকজনের সামনে থেকে তাকে ডেকে নিয়ে পাশের রুমে ১ থেকে ৩ নম্বর আসামিদের বরাত দিয়ে তার কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার রাজনীতি ও ব্যক্তিগত সম্মান নষ্ট করারও হুমকি দেয়া হয়।

১৮ সেপ্টেম্বর ‘একুশের চোখ’ অনুষ্ঠানে ভুল ও অসত্য তথ্য প্রচারের মাধ্যমে বাদীকে এমিটাস কোম্পানির পরিচালক উল্লেখ করে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয় প্রচার করে।

এ প্রসঙ্গে একুশে টিভির বরগুনা জেলা প্রতিনিধি জয়দেব রায় জানান, একুশের চোখে প্রচারিত সকল তথ্য সঠিক। কোনো অসত্য তথ্য প্রচার করা হয়নি।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ