তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর মহাব্যবস্থাপক রানা আকবর হায়দারী কর্তৃক ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) সহযোগি সদস্য ও দৈনিক বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সাহানোয়ার সাইদ শাহীন এবং একই পত্রিকার রিপোর্টার ইমামূল হাছান আদনানকে গাড়ী চাপা দিয়ে হত্যা চেষ্টাসহ প্রাণ নাশের হুমকি ও মোটর সাইকেলের ক্ষতি সাধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী আজ সোমবার এক বিবৃতিতে এই নিন্দা জানান।

এ বিষয়ে সাহানোয়ার সাইদ শাহীন ২৮ মে রাজধানীর তেজগাঁও থানায় একটি সাধারণ ডাইরী করেছেন যার নম্বর: ১৭৭৩। ডাইরীতে তিনি উল্লেখ করেছেন, ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক প্রকৌশলী রানা আকবর হায়দারী ও তার ড্রাইভারসহ (গাড়ীর নাম্বার- ঢাকা মেট্রো ঘ-১৫-৪৮৫৯) প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দুই সাংবাদিকের ওপর আজ দুপুর ১২ টার দিকে কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের সামনে এ বর্বোরোচিত ঘটনাটি ঘটান।’

ডিআরইউ নেতৃবৃন্দ বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রের সেবা সংস্থার একজন কর্মচারী আকবর হায়দারীর নিকট থেকে এ ধরণের আচরণে আমরা প্রচন্ড ক্ষুদ্ধ। এই ধরনের ন্যাক্কার জনক ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে নেতারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত তিতাসের ড্রাইভার ও দুই সাংবাদিককে হত্যার হুমকিদাতা রানা আকবর হায়দারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মোটর সাইকেলের ক্ষতিপূরণের দাবি জানান।

এমই