হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন দ্য রিপোর্টের বার্তা সম্পাদক মো. আল-আমিন।

সোমবার ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হৃদরোগ বিশেষজ্ঞ কর্নেল (অব.) রেজাউল করিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আল-আমিনের ছোট ভাই নুরুল আমিন বলেন, ‘বুধবার অফিসে যাওয়ার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি রাস্তায় বসে পড়েন। তখন বিষয়টিকে ততটা গুরুত্ব দেননি তিনি। এটি গ্যাসজনিত সমস্যা মনে করেছিলেন তিনি।

বৃহস্পতিবার পুনরায় ব্যথা অনুভব করায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই দিন বিকেলেই এনজিওগ্রাম করে রিং পরানো হয়।

নুরুল আমিন আরো বলেন, হাসপাতালে আনার পর থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। ফুসফুসে পানি জমার কারণে রোববার দুপুর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

সাংবাদিক আল-আমিন গাইবান্ধার ডেবিট কোম্পানি পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ১৯৬৮ সালের ২ জুন জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন তিনি।

দ্য রিপোর্টের বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের আগে তিনি প্রাইম খবরের প্লনিং এডিটর, ডেইলি সানের জয়েন্ট নিউজ এডিটরসহ ডেইলিস্টারে ১৭ বছর ব্যাপী কাজ করেছেন।

এএইচ