অর্থ পাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এমইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিম এর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে ইতোপূর্বে দেয়া রুল নিষ্পত্তি করে এ রায় দেয়।

আদালতে দুদকের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ফরহাদ হোসেন।

এর আগে গত ২১ মার্চ আবদুস সালামকে ৬ মাসের জামিন দিয়েছিলো একটি হাইকোর্ট বেঞ্চ হাইকোর্ট। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

গত বছর ১৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সালামের ভাই আফতাবুল আলম এবং ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুস সালাম একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে সে টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন।

এছাড়াও ইটিভির সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগের অনুসন্ধান করছে দুদক। গত ২ মার্চ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে একুশে টেলিভিশনের প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

গত বছরের ৬ জানুয়ারি ভোরে আবদুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি আইনে দায়ের করা ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

এরপর ২০১৫ সালের ৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আবদুস সালামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরেকটি মামলাও দায়ের করা হয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।

এমবি