জাতীয় প্রেস ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ ২০১৫ সালের ৩১মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে সাধারণ সদস্যরা।
জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় সোমবার এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
এসময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব এমএ আজিজ বলেন, ‘আজকের (সোমবার) সভায় আগামী ৩১মার্চের মধ্যে প্রেস ক্লাবের নির্বাচন করার প্রস্তাব পাস হয়েছে। চলতি বছরের ৩০ডিসেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। তবে কিছু জটিলতার কারণে এ নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছিল কমিটি। সাধারণ সদস্যদের ভোটে আজকের সাধারণ সভায় তা অনুমোদিত হয়।’
এর আগে গত বৃহস্পতিবার গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ তিনমাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। এ জন্য ৩০ ডিসেম্বরের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাবের সদস্য সংখ্যা এক হাজারের বেশি করা যাবেনা। ক্লাবের সদস্য সংখ্যা আরও ২০০থেকে ৫০০জন বাড়ানোর প্রস্তাব আসলে এসিদ্ধান্ত নেয় কমিটি।
এ জন্য সিনিয়র সাংবাদিকদের মধ্য থেকে ১০জনকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—রিয়াজ উদ্দিন আহমেদ, গোলাম সারওয়ার, হাসান শাহরিয়ার, ইকবাল সোবহান চৌধুরী, খোন্দকার মনিরুলআলম, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, মনজুরুল আহসান বুলবুল, এমএ আজিজ ও কুদ্দুস আফ্রাদ।
জেআই





