হলুদ সাংবাদিকতা বন্ধে শিগগিরি দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সনদের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।
বুধবার বিকালে নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এসময় তিনি জাতীয় পর্যায়ে মফস্বল সাংবাদিকদের গুরুত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, নরসিংদী পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জেআই





