অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষা ডটকম এর সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএফইউজে ডিইউজে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার হাসনাত করীম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন তথ্যপ্রযুক্তির বিষয়ক কালো আইনে সাংবাদিক সিদ্দিকুর রহমান খানকে গ্রেফতার করে সরকার আবারও প্রমান করেছে তারা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে না। সংবাদ প্রকাশের দায়ে সাংবাদিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে গোয়েন্দা পুলিশ দিয়ে গ্রেফতারের ঘটনা নিন্দনীয়।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, তথ্য প্রযুক্তি আইনের কালো ধারার বিরুদ্ধে আমরা আগেই শংকা প্রকাশ করে বলেছিলাম যে, এই আইনের অপব্যবহার হবে। বাস্তবে তাই ঘটছে। এরই মধ্যে কালো আইনে দৈনিক ইনকিলাবের তিন সাংবাদিক, অনলাইন পত্রিকা বাংলামেইলের তিন সাংবাদিকসহ বহুসংখ্যক সাংবাদিককে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে রিমান্ড নেয়াসহ হয়রানি ও নির্যাতন করা হয়েছে। সর্বশেষ এর শিকার হয়েছেন দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান । তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে বা সংবাদ প্রকাশের কারণে সংক্ষুব্ধ হয়ে থাকলে তা প্রেস কাউন্সিলের মাধ্যম সুরাহা করা যেত। তা না করে ক্ষমতার অবৈধ দাপট দেখানো হয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে সিদ্দিকুর রহমানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানান।

এফএফ