টেন্ডারবাজির সংবাদ প্রকাশ করায় ফরিদপুরে সালথায় এক সাংবাদিককে পিটয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।
সোমবার এ ঘটনায় আহত সাংবাদিক এম কিউ হুসাইন বুলবুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি সালথা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙালির খবর পত্রিকার প্রতিবেদক।
আহত বুলবুল জানান,সকালে যুবলীগের স্থানীয় নেতা খায়ের শেখ ফোন দিয়ে উপজেলা পরিষদের সামনে যেতে বলেন তাকে। তিনি উপজেলা পরিষদ ভবনের সামনে গেলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন,যুবলীগের নেতা খায়ের শেখ ও সোহেল মাতুব্বরসহ চার-পাঁচজন তাকে লাঠি দিয়ে মারধর করে। এতে তার মাথা ফেটে যায়।
এ ব্যাপারে দৈনিক বাঙালির খবরের সম্পাদক সেলিম মিয়া বলেন,গত ২২ জুন তার পত্রিকায় ‘টেন্ডারবাজিসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে’শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।
তিনি বলেন,এতে সালথা উপজেলা প্রকৌশলী সেকেন্দার আলী ক্ষুব্ধ হয়ে যুবলীগের নেতাদের দিয়ে বুলবুলের উপর এ হামলার ঘটনা ঘটিয়েছেন।
তবে উপজেলা প্রকৌশলী সেকেন্দার আলী বলেন,আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমি সরকারি কর্মচারী,আমি কেন সাংবাদিক মারতে যাব।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন বলেন,বুলবুলের সঙ্গে মাজারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামের ইমরানের লেনদেন নিয়ে বিরোধ ছিল। বুলবুলের উপর হামলার ঘটনা যুবলীগ জড়িত না।
ইমরানের সঙ্গে লেনদেনের কারণে এটি হতে পারে বলে তিনি মনে করেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া বলেন,মারধরের শিকার ওই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
তিনি বলেন, ঘটনার সঙ্গে যুবলীগের নাম আসায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





