আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগে সকল গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি শওকত মহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এ দাবী জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, আর মাত্র কয়েক দিন পরই মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে উৎসব ভাতা ও জুন মাসের বেতন পরিশোধের ব্যবস্থানেয়া হয়েছে। আমরা গভীর উদ্বেগ ও পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে, অধিকাংশ গণমাধ্যম প্রতিষ্ঠান এ ব্যাপারে উদাসীনতার পরিচয় দিচ্ছেন। বিশেষ করে বহু সংখ্যক সংবাদপত্রে মাসের পর মাস বেতন-ভাতা বকেয়া। ৪ থেকে ২৪ মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে এমন খবরও পাওয়া যাচ্ছে। ফলে ভুক্তভোগী সংবাদকর্মীদের পরিবার নিদারুন হতাশা ও কষ্টে দিনাতিপাত করছেন।
সাংবাদিক নেতারা বলেন, অবিলম্বে সংবাদকর্মীদের সমুদয় বকেয়া বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করে তাদের পরিবারে দুর্দশা লাঘব করতে হবে।
একই সঙ্গে সাংবাদিক নেতারা আশা প্রকাশ করে বলেন, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ সরকারের রোষানলে পড়ে বন্ধ থাকা গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ও ঈদ বোনাস সরকারি কোষাগার থেকে পরিশোধ করা হবে এবং দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জ্যেষ্ঠ সম্পাদক শফিক রেহমান, একুশে টিভির কর্ণধার আবদুস সালামসহ কারাবন্দী সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের ঈদের আগেই মুক্তি দেয়া হবে।
এফএফ





