আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদকসহ আটক সকল সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
সাংবাদিক গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ডিইউজে’র সভাপতি আব্দুল হাই শিকদার এ দাবি করেন।
আব্দুল হাই শিকদার বলেন, গত ২৪ ঘণ্টায় সাংবাদিকদের ওপর যে নির্যাতন হয়েছে তা ইতিহাসে বিরল। সত্য প্রকাশ করায় আইনের তোয়াক্কা না করে সরকার গায়ের জোরে ইনকিলাবের বার্তা সম্পাদককে গ্রেফতার করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি তাদের সকলকে মুক্তি দেওয়া না হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
বিএফইউজে’র মহাসচিব এম এ আজিজ বলেন, পুলিশের দুর্নীতির বিরুদ্ধে লেখার কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে। সরকারের বাহিনী সকল আইন উপেক্ষা করে অফিসে ঢুকে ইনকিলাবের বার্তা সম্পাদককে গ্রেফতার করেছে। এর জন্য তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সাংবাদিকদের ওপর নির্যাতন চালাচ্ছে। তারা অবৈধভাবে সাংবাদিকদের গ্রেফতার করছে। সম্পূর্ণভাবে সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য নতুন নীতিমালা করছে সরকার।
বিএফইউজে’র সিনিয়র সহসভাপতি এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিইউজে’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





