সিনিয়র সাংবাদিক হোসাইন জাকিরের অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) সভাপতি-সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির নেতারা।

জানা যায়, শনিবার বিকেল সাড়ে টায় রাজধানীর মিরপুরে ডেল্টা হাসপাতালে সাংবাদিক হোসাইন জাকির ইন্তেকাল করেন (ইন্না.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

হোসাইন জাকির বেশ কিছু দিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সদা হাস্যজ্জল হোসাইন জাকির দৈনিক যুগান্তর, দৈনিক আলোকিত বাংলাদেশ ও সর্বশেষ দৈনিক আজকের পত্রিকায় কর্মরত ছিলেন।

শনিবার ডিআরইউ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)'র পক্ষ থেকে পৃথক শোক বার্তায় সাংবাদিক নেতারা মরহুম হোসাইন জাকিরের প্রতি গভীর শোক এবং তার রুহের মামগফেরত কামনা করেন। একই সঙ্গে মরহমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তা পাঠিয়েছেন, ডিআরইউ'র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ডিইউজের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের অপর অংশের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদসহ নির্বাহী কমিটির কর্মকর্তারা।

এদিকে শনিবার রাত ৮ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে মরহুম হোসাইন জাকিরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আর এ জানাজার পরই মরহুমের লাশ নিয়ে ঢাকা ত্যাগ করেন চট্টগ্রামের উদ্দেশ্যে।

আগামীকাল রোববার চট্টগ্রামের চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ্কে