সাংবাদিক হয়রানির প্রিতবাদে ও সাধারণ মানুষের বাকস্বাধীনতার দাবিতে মৌন মিছিল করেছে পেশাজীবী সংগঠন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক অবস্থান কর্মসূচি শেষে এই মৌন মিছিল পালন করেন সাংবাদিকেরা। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ। এ ছাড়া অন্য সাংবাদিক নেতারা এতে উপস্থিত ছিলেন।
মৌন মিছিলের আগে শওকত মাহমুদ বলেন, ‘সাধারণ মানুষসহ সাংবাদিকদের কথা বলতে দিচ্ছে না সরকার। কথায় কথায় সাংবাদিকসহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে। তাই আমাদের আন্দোলন বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। আমাদের আন্দোলন সাংবাদিক হয়রানি বন্ধ করার জন্য।’
এভাবে একটি দেশ চলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার নিজস্ব কিছু পেটোয়া সাংবাদিক দিয়ে এই অসাংবিধানিক কর্মকাণ্ডকে সমর্থন করে আসছে, নিজেদের পক্ষে লেখানোর চেষ্টা করছে। আর নিজেদের পক্ষে না লিখলে পুলিশ দিয়ে সাংবাদিক নির্যাতন শুরু করে দেয়। তাই এসব কর্মকাণ্ড বন্ধ করতে আজ প্রেসক্লাবে আছি, কাল রাজপথে থাকব।’
এমকে





