প্রবীণ সাংবাদিক ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী কারওয়ান বাজারে বাসের ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে বাস থেকে নামার সময় অপর একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জগলুল আহমেদ চৌধুরী ছিলেন সরকারি সংবাদ সংস্থা 'বাংলাদেশ সংবাদ সংস্থা' (বাসস)-এর সাবেক প্রধান সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তার লাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) হিমঘরে রাখা হয়েছে। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিএনপি চেয়ারপারসন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোকবার্তায় জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তাছাড়া, জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে টাইমনিউজ পরিবারও গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় তাঁর এই মৃত্যু গোটা সাংবাদিক সমাজেই শোকের বার্তা বয়ে এনেছে।

এমএ