মোবাইল নম্বর সেভ না থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে গালিগালাজ করে মারধরের হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন।

শনিবার দুপুর সোয়া ২টার দিকে দৈনিক আমাদের সময়ের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন শিমুলকে নিজ মুঠোফোন থেকে এ হুমকি দেন তিনি।

সাংবাদিক শিমুল জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী। সম্প্রতি তিনি হলের ৩২১ নম্বর কক্ষে সিট খালি থাকা সাপেক্ষে ওই কক্ষে উঠেন।

এর আগে উক্ত কক্ষে অবস্থান করতেন ফারুক হোসেন নামের তুহিনের এক বন্ধু। যিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে পড়ালেখা শেষ করেছেন কয়েক মাস আগে এবং তার হলের আবাসিকতাও বাতিল হয়ে গেছে।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, সম্প্রতি হল কর্তৃপক্ষ যে সব শিক্ষার্থীদের আবাসিকতা বাতিল হয়ে গেছে তাদেরকে হল ত্যাগের নির্দেশও দিয়েছেন। কিন্তু ফারুক তার আবাসিকতা বাতিল হলেও ওই কক্ষে অন্যায়ভাবে আরও ছয়মাস অবস্থান করবেন বলে জানান।

শনিবার দুপুরে ফারুক বিষয়টি তুহিনকে জানালে সাথে সাথে তুহিন সাংবাদিক শিমুলের সাথে মোবাইলে যোগাযোগ করেন। তবে সাংবাদিক শিমুলের ব্যবহৃত সিমটি অন্য একটি ফোনে চালু থাকায় তুহিনের মোবাইল নম্বরটি সেভ ছিল না। ফলে তুহিনকে চিনতে পারেন নি তিনি।

সাংবাদিক শিমুলের মোবাইলে তুহিনের মুঠোফোন নম্বর সেভ না থাকায় ওই সাংবাদিককে তুহিন অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন এবং তাকে মারধরের হুমকি দেন। শুধু তাই নয় ‘ফারুক আমার বন্ধু তাকে কোনকিছু বললে হিসেব করে বলবি’ এই বলে তুহিন ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 এ বিষয়ে যোগাযোগ করা হলে তৌহিদ আল হোসেন তুহিন বলেন, ‘আসলে আমি তাকে ঠাট্টার ছলে কথাগুলো বলেছিলাম। সে কেন আমার ফোন নাম্বার সেভ করে নি।’ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নাম্বার সেভ থাকে না কেন ওই সাংবাদিকের কাছে এমন পাল্টা প্রশ্ন করেন তুহিন।

হুমকি দিয়ে তিনি আরো বলেন, ‘এ ঘটনায় যদি ওই সাংবাদিক কোন সংবাদ পরিবেশন করে তাহলে রোববার তার ক্যাম্পাসে ‘খবর’ করা হবে।’

এ ব্যাপারে রাবি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মিজানুর রানার মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এদিকে পৃথক বিবৃতিতে সাংবাদিক শিমুলকে হুমকিসহ অশ্লীল ভাষায় গালাগাল করার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন উচ্চ পর্যায়ের নেতার কাছ থেকে এই ধরণের আচরণ প্রত্যাশা করেন না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর