বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। হামিদ সড়কের পাশে ছিটকে পড়লে তার মোটরসাইকেল নিয়ে কেউ পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেলে ভর্তি করা হয়। তবে মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি।

আহত আব্দুল হামিদ জানান, অফিসের কাজে মোটরসাইকেলে তিনি যাত্রাবাড়ী যাচ্ছিলেন। মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনের সড়কে পৌঁছালে উল্টোপথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি বাস এসে পেছন থেকে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে হামিদ সড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় আশপাশের লোকজন ভিড় করলে তাদের সঙ্গে কথা বলার মাঝেই তার মোটরসাইকেলটি উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেটি পাওয়া যায়নি।

সাংবাদিক আব্দুল হামিদের ডান হাতে ও ডান পায়ে জখম হয়েছে, কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত রিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেল চুরির সঙ্গে বাসচালক বা রিকশাচালক জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এমএম