রাজধানীর পুরান ঢাকার একটি আবাসিক হোটেল থেকে জাফর হায়াত (৬৪) নামে চট্টগ্রামের এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে লাশটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বংশাল থানার এসআই জহির উদ্দিন জানান, চট্টগ্রামের সদরঘাটের ৯১/২ নম্বর বাসায় থাকতেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জাফর হায়াত। গত ৯ মে তিনি নবাবপুর রোডের শহীদ কাওসার সাদমান ইন্টারন্যাশনাল (আবাসিক) হোটেলের ৭০৩ নম্বর কক্ষে ওঠেন।

সোমবার সকালে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেলে হোটেল কর্মচারীদের সন্দেহ হয়। পরে হোটেলের ম্যানেজারের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে তাকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সর্বশেষ তিনি চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্ববাংলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এমকে