আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, এত রক্ত, এত প্রাণ, এত বিসর্জন ও ত্যাগের পর অর্জিত এই গণতন্ত্র, এই পার্লামেন্ট, এই নির্বাচন এবং রাজনৈতিক সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু হোক জাতীয় সংসদ। সভ্য রাজনৈতিক সংস্কৃতি ও প্রক্রিয়া সেটাই দাবি করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, শহীদদের স্মরণ করার এই সময়েও গত কয়দিনের পত্রপত্রিকায় আমরা দেখেছি, আমরা এই আত্মত্যাগ থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারিনি।
পারিনি বলেই আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। এত জীবন্ত একটি পার্লামেন্টকে রাজনীতির প্রধান কেন্দ্রে পরিণত করার জন্য গণতান্ত্রিক শক্তির যে রাজনৈতিক ঐক্য থাকা দরকার, তা আমরা এখনো সুসংহত করতে পারিনি। তার প্রমাণ, পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রে পরিণত করার ব্যাপারে বিজয়ী দলগুলোও আমরা এখনো ঐকমত্য চর্চা করতে পারছি না।
তিনি বলেন, শহীদদের স্মরণ করার জন্য কেবল আবেগ চর্চা করলে চলবে না। শহীদদের স্মরণ করার কাজকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। শহীদদের স্মরণ করার নামে আমরা যদি কেবল ব্যক্তিগত বা গোষ্ঠীগত উপস্থিতি জাহিরের অজুহাত তৈরি করি, তবে আমরা নিজেদের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হবো।
জহির উদ্দিন স্বপন বলেন, আমরা দেশে সুশাসন নিশ্চিত করতে চাই। ক্ষমতার বাইরে থেকে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য জীবনবাজি রেখে যেমন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ও আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমরা সবাই মিলে লড়াই করেছিলাম, তেমনি আজ ক্ষমতাসীন দলের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যসহ দায়িত্বে থাকা সবাই মিলে আমাদের সুশাসনের এই দায়িত্বটিকেও নিশ্চিত করতে চাই।
যদি আমরা তা করতে পারি, তবেই কেবল শহীদদের আত্মত্যাগ সার্থক হবে এবং শহীদদের মর্যাদাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব। এই কাজ করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত সকল গণতান্ত্রিক শক্তিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব। কিন্তু যদি জনগণের কাছে এটি প্রমাণিত হয় যে কারো বিভ্রান্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে, কারো অশ্লীলতা মাত্রার বাইরে চলে যাচ্ছে, কিংবা কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে বা না বুঝে অন্য কারো চক্রান্ত বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন, তবে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংবাদিক নেতা হাসান হাফিজ, কবি আবদুল হাই শিকদার, কাদের গণি চৌধুরী প্রমুখ।
এস