চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফারুক আবদুল্লাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন হাটহাজারী মডেল থানার এসআই আবদুর রাজ্জাক।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে পুলিশের তল্লাশি শেষে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
আটকের প্রতিবাদে উপস্থিত অন্য আবাসিক শিক্ষার্থীরা আটক ওই শিক্ষার্থীকে নির্দোষ দাবি করে ছেড়ে দিতে বলেন। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী ভলিবল খেলোয়াড়।
সাংবাদিক ফারুক আবদুল্লাহও অন্য শিক্ষার্থীদের মতো তাকে ছেড়ে দিতে বলেন এবং পুলিশ আসল সন্ত্রাসী ও মৌলবাদীদের না আটক করে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করছে- এমন মন্তব্য করলে এসআই আবদুর রাজ্জাক তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে এসআই রাজ্জাক ফারুক আবদুল্লাহার টি-শার্টের কলার ধরে মারধর করেন।
এ সময় উপস্থিত অন্য পুলিশ সদস্যরাও তাকে মারধর করেন। পরে আলাওল হলের সিনিয়র আবাসিক শিক্ষক বখতেয়ার উদ্দিন ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক রেজাউল করিম পুলিশের হাত থেকে ফারুককে উদ্ধার করেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ওই সাংবাদিকের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কয়েকজন পুলিশ সদস্যের কথা কাটাকাটি ও ভুল বোঝাবুঝি হয়েছে।
এদিকে ফারুক আবদুল্লাহাকে এসআই আবদুর রাজ্জাক মারধর করায় তার পদত্যাগ দাবি করে চবিসাস।
মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে চবিসাসের সভাপতি হুমায়ূন মাসুদ ও সাধারণ সম্পাদক তাসনীম হাসান নিন্দা ও অভিযুক্ত এসআইয়ের পদত্যাগ দাবি করেন।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





