সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ওই গ্রামের জহিরুল (৩৫), রেজাউল (৩০), খায়রুল (২৭) ও তাদের মা মনোয়ারা বেগম (৫৫)।

আহতদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে একই গ্রামের রাসেল মৃধার জমিতে ৬০০ টাকা মজুরিতে কাজ করেন জহিরুল। কাজ শেষে পাওনা টাকা চাইলে মজুরি দেওয়া নিয়ে রাসেল মৃধার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

পরিবারের অভিযোগ, এর জের ধরে সোমবার সকালে রাসেল মৃধার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে জহিরুলদের বাড়িতে গিয়ে হামলা চালান।

হামলার সময় জহিরুলকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাকে রক্ষা করতে তার মা মনোয়ারা বেগম এবং দুই ভাই রেজাউল ও খায়রুল এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের।

পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, আহত চারজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে রাসেল মৃধার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস