বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর রাত থেকে ১২ ডিসেম্বর ভোরের মধ্যে নিজ বাড়িতে স্ত্রী ইসমত আরাকে গলা টিপে হত্যা করেন আনোয়ার হোসেন। পরে মরদেহ পাশের হুরমুজ আলীর বাড়ির সামনে ফেলে রেখে যান। খবর পেয়ে স্বজনেরা মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পরদিন নিহতের ভাই মজনু মিয়া দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের জবানবন্দি, ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য আলামত পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মনে করেন। এর ভিত্তিতে আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন পলাতক ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
এস