সারা দিনের চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। বনের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দাউদাউ করে জ্বলছে আগুন।

বনরক্ষী ও স্থানীয়রা নালা কেটে (ফায়ার লেন) আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির অভাবে আগুন নেভাতে কাজ করতে পারেনি।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম গণমাধ্বযমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগুন নেভাতে তারা চেষ্টা অব্যাহত রেখেছেন।

তবে অগ্নিকাণ্ডের কারণ এবং কী পরিমাণ বনভূমি আগুনে জ্বলছে তা নিশ্চিত করতে পারেনি বনবিভাগ।

এর আগে ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুন লেগে ৭.৯৮ একর বনভূমির গাছপালা পুড়ে যায়। এতে ১১ লাখ ৫৮ হাজার ২৫০ টাকার ক্ষতি হয়। তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সুন্দরবনে গত ২২ বছরে ২৫ বার আগুনের ঘটনা ঘটেছে। সবই ঘটেছে পূর্ব সুন্দরবন এলাকায়। এসব আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের ভিন্নমত রয়েছে।

Fire1_20250322_205354189

পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস জানান, সকাল ৭টার দিকে কলমতেজী টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক এলাকার বনের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয় গ্রামবাসী। তারা অফিসে এসে এ খবর জানালে লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বনরক্ষীরা। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে রাখতে অগ্নিকাণ্ড এলাকায় নালা কাটা শুরু করেন। যাতে বনের ব্যাপক এলাকায় আগুন ছড়াতে না পারে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের স্থান বন অফিস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। কাছাকাছি কোথাও পানির কোনো উৎস নেই। বনের খাল তার দূরত্বও ঘটনাস্থল থেকে দুই থেকে আড়াই কিলোমিটার। জোয়ার হলে নৌপথে পাম্প মেশিন নিয়ে পানি দেওয়ার চেষ্টা করা হবে।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানান, আগুন নিয়ন্ত্রণে মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির অভাবে কাজ শুরু করতে পারেনি। মোংলা ও কচুয়া থেকেও ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটকেও খবর দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম জানান, সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তাৎক্ষণিক এর চেয়ে বেশি কিছু জানাতে পারেননি।

এমএম