স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে হানা দেয়। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে।
একইভাবে ডাকাত দলটি আরেক প্রবাসী আল আমিনের বাড়িতে প্রবেশ করে। দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।
সবশেষে ডাকাতরা রাস্তার পাশে অবস্থিত পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ১ ভরি রুপা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা ঘরের কাপড়-চোপড় পর্যন্ত নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, আক্রান্ত তিনটি বাড়ির মধ্যে একটি সড়কের পাশে হলেও বাকি দুটি বাড়ি ভেতরের দিকে অবস্থিত হওয়ায় ডাকাতরা সহজেই নির্বিঘ্নে ঘটনাগুলো ঘটাতে সক্ষম হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএম