মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত আক্তার।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল থামিয়ে রাখেন। এ সময় পেছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটি ভাঙচুর করেন। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এদিকে দুর্ঘটনার জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

এস