বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান টু শশীভূষণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.সফিকুল ইসলামের মেয়ে এবং চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন বলেন জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে লিয়া পরিক্ষা দিতে মাদরাসায় যাওয়ার পথে জলিল মাঝি নামক এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির নছিমনটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকে সজোরে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই নিহত হয় লিয়া। তাৎক্ষণিক জনরোষ থেকে বাঁচতে নছিমনটি ফেলে রেখে পালিয়ে যান চালক।
লিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় সহপাঠীরা লিয়ার মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে প্রায় আধাঘন্টা বিক্ষোভ মিছিল করেন, এতে বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে গেছে ,পরিস্থিতি এখন শান্ত আছে। নছিমনের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
এস