শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভা মাঠ থেকে যাত্রা শুরু হওয়া এই মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের ঢল নামে সকাল থেকেই।

ব্যানার, ফেস্টুন, স্লোগান আর শৃঙ্খলাবদ্ধ পদযাত্রায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো রঙিন ও প্রাণবন্ত হয়ে ওঠে। পথজুড়ে দাঁড়িয়ে থাকা উৎসুক মানুষের ভিড়ও তৈরি করে ভিন্ন দৃশ্য।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন— জামায়াত মনোনীত শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোশারফ হোসেন মাসুদ। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের অংশগ্রহণের বিকল্প নেই। নির্বাচন ও গণভোট একই দিনে করার যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে—তা জনগণের অধিকারের ওপর সরাসরি আঘাত। আমরা প্রহসনমূলক কোনো নির্বাচন মেনে নেব না।

জেলা আমীর মাওলানা আব্দুর রব হাসেমী বলেন, নির্বাচন আজ প্রশ্নবিদ্ধ। প্রতিটি ভোট যেন প্রকৃত প্রতিনিধিকে পৌঁছে—এটাই আমাদের দাবি। একটি অর্থবহ নির্বাচনই পারে রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে।

সমাবেশের শেষে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা কে এম মকবুল হোসাইন বলেন, আজকের এই মিছিল আমাদের দাবির শক্তি ও মানুষের প্রত্যাশার প্রতিফলন। জনগণ শান্তিপূর্ণভাবে তাদের অধিকার চাইতেই আজ রাস্তায় নেমেছে। সরকার যদি জনগণের কথা না শোনে, যদি ৫ দফা দাবিকে উপেক্ষা করে—তবে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে উঠবে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর মাথায় এসে শেষ হয়।

নেতাদের দাবি, এই আন্দোলন শুধু জেলা পর্যায়ের কর্মসূচি নয়, বরং সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার এক জাতীয় আন্দোলনের অংশ।

এমএম